স্মরণিকা -জীবন
কবিতা, বাংলা কবিতা কেমন আছো মা?
কেমন আছো তুমি মাগো আজ?
অনেকটা পথ পেরিয়ে গেছো জানি, আর দেখো না পিছনে একবার।
হারিয়ে গেছে তোমার চুলের রাশ, পাই না খুঁজে তোমার হাসি মুখ।
মনে কি পরে শিউলি ফোটা ভোর, স্নান করে যেই আসতে তুমি ঘরে,
এক ছুটে মা তোমার কাছে গিয়ে, জড়িয়ে ধরে গন্ধ নিতাম আমি।
তুমি বলতে, "স্নান করে না সোনা, শুনছিস না ঢাকে পড়েছে কাঠি।"
আমি বলতাম "দাওনা পরিয়ে নতুন দেওয়া তোমার জামা খানি।"
জানো মা তুমি ! সবই আছে আজ
শিউলি ভোর আর সাদা মেঘের ভেলা,
আলোর মালায় ভরিয়ে ওঠা সুখ, ছুটির গন্ধে আমোদ করা দিন।
হারিয়ে গেছে আমার জামা খানি, পাই না খুঁজে তোমার ভিজে চুল.
খুঁজতে যে চাই আমার জরির জুতো, তোমার দেওয়া লাল ফিতে আর মালা।
ঠাকুর দেখা আলোর উৎসব আর আসে না তেমন করে মাগো।
কেমন আছো তুমি আমার মা ?
ভালো আছো সব কিছুকে ভুলে ,
জানি আমি আসবে তুমি রাতে , আমার পাশে ঘুমের গভীরে।
ঘুম ভেঙে যায় সোনালী রোদ মেখে
স্পর্শে যে পাই গন্ধে মাখা ভোর
কাশ ফুল আর সাদা মেঘের ভেলা
পাই না শুধু তোমার পরশ সুখ। .